নারীর কান ছিঁড়ে দুল ছিনতাই

রাজধানীর গুলিস্তানে এক নারীর কান ছিঁড়ে দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আলপনা কু-ু (৫০) নামে আহত নারী ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বামী অসীম কু-ু বলেন, তাদের বাসা ধানম-ি ১৫/এ। সন্ধ্যায় অটোরিকশায় চড়ে সপরিবারে সূত্রাপুর যাচ্ছিলেন। পথে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে চলন্ত রিকশার পেছন থেকে এক ছিনতাইকারী আলপনার ডান কানের স্বর্ণের দুল ধরে টান দেয়। কান ছিঁড়ে দুল নিয়ে পালিয়ে যায় সে। এ সময় কানের লতি ছিঁড়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে গৃহিণী আলপনার। এজন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, তার ডান কানের লতি ছিঁড়ে গেছে। তাকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।