সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীর হাতে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ পদক দেওয়া হয়।
এবার রোকেয়া পদক বিজয়ী নারীরা হলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। খবর বাসসের
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করেন।
বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে ড. ইউনসূ বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি। তিনি বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং নারী হিসেবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনাশক্তি তাকে অবাক করে। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উল্লেখ করে ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রমুখ।