বিএসএমআরএএইউতে স্পেস রোবটিক্স এডুকেশন বিষয়ক কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালের ঢাকা ক্যাম্পাসে "স্পেস রোবটিক্স এডুকেশন, রিসার্চ অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ:  বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ" বিষয়ের উপর একটি কর্মশালা আয়োজন করা হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাব (বিএআইআরসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার প্রধান অতিথি ছিলেন।

কর্মশালার মূল আকর্ষণ ছিল বিশিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও শিক্ষাবিদ মিজানুল এইচ. চৌধুরীর মূল প্রবন্ধ উপস্থাপনা। তিনি এমআইটি জিরো রোবোটিক্স প্রকল্পের চিফ আর্কিটেক্ট, টেকনিক্যাল এক্সপার্ট এবং প্রশাসক এবং স্টেমএক্স৩৬৫-এর প্রতিষ্ঠাতা। নাসা ও এমআইটিতে তার অসামান্য কাজ মহাকাশ অনুসন্ধানে স্বয়ক্রিয় রোবোটিক্স প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন, যা বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মহাকাশ রোবোটিক্সের সম্ভাবনা, শিক্ষায় বৈশ্বিক প্রবণতা, গবেষণা, বাংলাদেশের মহাকাশ-প্রযুক্তি খাতে উদীয়মান ভূমিকা এবং দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হবার ও স্টার্টআপ গঠনের সুযোগ সম্পর্কে জ্ঞানার্জন করেছেন।

এ ছাড়া কর্মশালায় বাংলাদেশের কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জের বিজয়ীদের সাথে একটি আন্তঃক্রিয়া সেশন এবং রোবোটিক্স ও প্রোগ্রামিংয়ে তরুণ মেধাবীদের নতুন উদ্ভাবনী ধারনা প্রদর্শিত হয়। বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমোডর মো. মঈনুল হাসনাইনের সমাপনী বক্তব্য এবং আইকিউএসি পরিচালক এয়ার কমোডর মো. আবদুস সালামের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।