আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করেছে। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর, জয় শাহ কড়া পদক্ষেপ নেন। আমেরিকার ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন যে তারা আর টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজন করতে পারবে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো ক্রিকেট লিগে অন্তত সাতজন স্থানীয় ক্রিকেটারকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়মটি পালন করেনি। এছাড়া কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও তারা আইসিসির নিয়ম লঙ্ঘন করেছে, যার কারণে এই লিগ বাতিল করা হয়।
অপরদিকে, আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারক ছিলেন ওয়াসিম আকরাম ও ভিভিয়ান রিচার্ডস, এবং অংশীদার ছিলেন শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটাররা। তারপরও লিগটির পরিচালনাগত বিভিন্ন সমস্যা দেখা দেয়।
আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগে মাঠে ও মাঠের বাইরে নানা ধরনের অস্বস্তি ছিল। বেশ কিছু ম্যাচে বিদেশি ক্রিকেটারদের প্রথম একাদশে ছয় থেকে সাতজন রাখা হয়েছিল, যা নিয়মবহির্ভূত।
এছাড়া, লিগের পিচগুলো ছিল অত্যন্ত খারাপ, যা খেলার গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এমনকি কিছু বিদেশি ক্রিকেটারকে খেলানোর জন্য তাদের স্পোর্টস ভিসা ছিল না, যার জন্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হওয়ার কথা ছিল। তবে, অভিযোগ রয়েছে যে তারা অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করেছে।
আইসিসির এই কঠোর পদক্ষেপ আমেরিকার ক্রিকেটে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।