কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে আতঙ্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এসব ঘটনা।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে যুবদল নেতা রুহুল আমিনের নেতৃত্ব হামলা করে স্থানীয়রা। অধ্যক্ষ জসীম উদ্দিনের অপসারণ চেয়ে কলেজের পাঠাগার ভাঙচুর করা হয়। সেদিন থেকে ছুটিতে ছিলেন অধ্যক্ষ জসীম উদ্দীন।
আজ মঙ্গলবার (১০ডিসেম্বর) জসীম উদ্দীন কলেজে যাবেন এমন খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না ঘোষণা দিয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলো- সাজ্জাদ, দ্বিপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ আরো কয়েকজন।
এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় মহাসড়কের ঢাকা-চট্টগ্রামমুখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ছাত্ররা যুবদল নেতা রুহুল আমিনের বিচার এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামসহ কয়েকজন শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয়। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, ৫ আগষ্টের পর থেকে আমি ছুটিতে ছিলাম, আজ কলেজে যাওয়ার খবরে শিক্ষার্থীরা আমাকে বরণ করতে আসলে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের ভাইসহ সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমি এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং যুবদল নেতা রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শুনেছি। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।