১১২ ওভারে ৪২২ তুলেও ৬ বলে ৭ রান করতে পারলো না

শেফিল্ড শিল্ডের ১৩২ বছরের ইতিহাসে অন্যতম উত্তেজক ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। হোবার্টে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে তাসমানিয়াকে ২ রানে হারিয়ে দিল সাউথ অস্ট্রেলিয়া। চার দিনের এই ম্যাচের শেষ বল পর্যন্ত জয়, হার এবং ড্র—সবকিছুই সম্ভব ছিল।

প্রথম ইনিংসে ১৯৫ রানে পিছিয়ে থাকা তাসমানিয়া দ্বিতীয় ইনিংসে ৪২৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে। ১১৩ ওভারে এই রান তোলার জন্য ব্যাট করতে থাকা তাসমানিয়া ১১২ ওভার শেষে ৪২২ রান তুলে ফেলে। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান।

শেষ বলে রানআউট তাসমানির মেরেডিথ

সাউথ অস্ট্রেলিয়ার ওয়েস এগরের শেষ ওভারের প্রথম বলে ১ রান নেন লরেন্স। দ্বিতীয় বলে কোনো রান হয়নি। তৃতীয় বলে এগর বোল্ড করেন বেলকে। চতুর্থ বলে নতুন ব্যাটার মেরেডিথ ১ রান নেন। পঞ্চম বলে লরেন্স আবারও ১ রান নেন। ফলে শেষ বলে ৪ রান দরকার ছিল তাসমানিয়ার। ড্র করতে হলেও অন্তত ৩ রান লাগত। তবে নিজেদের ভুল বোঝাবুঝিতে ২ রান নিতে গিয়ে রান-আউট হন মেরেডিথ। ৪২৬ রানে আটকে যায় তাসমানিয়া। 

সীমিত ওভারের ক্রিকেটে এমন রুদ্ধশ্বাস মুহূর্ত হরহামেশাই দেখা যায়। তবে চার দিনের ফার্স্ট ক্লাস ম্যাচ এমন উত্তেজনার জন্ম দিতে পারে, তা আরও একবার প্রমাণ করল শেফিল্ড শিল্ড।