ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা চেরী

‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির এক তালিকা সোশ্যালে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরীর নাম! 

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সম্বোলিত একটি প্যাডে এই তালিকা প্রকাশিত হয়। সেখানে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরী (অমুসলিম শাখা)।

আর এ নিয়েই বেজায় চটেছেন নায়িকা। সাফ জানিয়ে দিলেন নিজের অবস্থানের কথা। এক ফেসবুক স্ট্যাটাসে পূজা চেরী লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

Pujja Cherry

এরপর তিনি আরও লেখেন, ‘এটা শুধু রিউমারের পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোন রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সবশেষে পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশন। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই। ধন্যবাদ’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরীর ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’। রায়হান রাফীর পরিচালনায় এতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রুবেল। আজ সন্ধ্যায় ফিল্মটির প্রথম পোস্টার উন্মুক্ত হয়েছে।