সোশ্যাল মিডিয়ায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল হয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্যামল চন্দ্র (৩৮)। কয়েক বছর আগে এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ বাক্য ব্যবহার করে আলোচনায় এসেছিলেন শ্যামল।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শাহাবুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে হত্যার অভিযোগে সেই আলোচিত শ্যামল এবার গ্রেপ্তার হলেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর মামলা করেন। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকেও এতে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার শ্যামল ১২ আগস্ট রাতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ে করতে গিয়েও তাকে বলতে হয়েছিল ‘সি ইউ নট ফর মাইন্ড’। জানা যায়, শ্যামল বিয়ে করতে শ্বশুর বাড়ি গেলে সেখানে লোকজন তাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য। শ্যামল অবশ্য কাউকে নিরাশ করেননি। সবার সাথে হাসিমুখে সেলফি তুলেন।, সবার আবদার পূরণ করেন।
ঠিক বিয়ের পিঁড়িতে বসার পূর্বে অনেকে তাকে ঘিরে ধরে ছবি তোলে, শুধু তাই নয় বিয়ের আসরেও কয়েকজন ধরে বলতে বলে ‘সি ইউ নট ফর মাইন্ড।’ তখন বাধ্য হয়েই শ্যামল হাসিমুখেই বললেন ‘সি ইউ নট ফর মাইন্ড’।