‘বাঘি ফোরে’ টাইগার শ্রফের বিপরীতে সোনম বাজওয়া

‘বাঘি ফোর’ ছবিতে যোগ দিলেন পাঞ্জাবি তারকা সোনম বাজওয়া। তাকে ফোরে টাইগার শ্রফের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে। মঙ্গলবার টাইগার শ্রফ সোনম বাজওয়ার একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

টাইগার শ্রফ তাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিদ্রোহী পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাচ্ছি। বাঘি ইউনিভার্সে সোনম বাজওয়াকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’ 

এ. হার্শা পরিচালিত ‘বাঘি ফোর’ ছবিটি প্রযোজনা করছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোনম বাজওয়াকে স্বাগত জানিয়েছে। 

২০১৩ সালে পাঞ্জাবি ফিল্ম জগতে পা রাখেন সোনম। ‘বেস্ট অফ লাক’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু। তার পরের বছর দিলজিৎ দোশাঞ্জের সঙ্গে অভিনয় করেন সোনম। ‘পাঞ্জাব ১৯৮৪’ নামের একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। পাঞ্জাবি ছবির পাশাপাশি তামিল এবং তেলেগু ছবিতে অভিনয় করেছেন সোনম। অভিনয়ের পাশাপাশি একটি পাঞ্জাবি রিয়্যালিটি শো-এ সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে সোনমকে। 

এর আগে গত সোমবার সকালে সাজিদ-নাদিয়াদওয়ালার বাঘি ফোর-এর নতুন পোস্টারে বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ঘাড় পর্যন্ত লম্বা উস্কো-খুস্কো চুল, রক্তমাখা শরীর আর কোলে সাদা গাউন পরা এক নারীর রক্তাক্ত নিথর দেহ নিয়ে সঞ্জয়ের আর্তনাদের ছবি চমকে দিয়েছে সবাইকে।

এছাড়া টাইগার শ্রফের লুকেও বাঘি ফোরের পোস্টার ছিল ভয়াবহ। খোলা শার্টের মাঝে স্পষ্ট সিক্স প্যাক। রাফ অ্যান্ড টাফ বডি থেকে বইছে রক্তগঙ্গা। হাতে মদের বোতল আর দুচোখে নৃশংসতা। ঠোঁটের কোণে সিগারেট, হাতে দৈত্যাকার ‘বুচার নাইফ’।

ছবির পোস্টার শেয়ার করে সাজিদ নাদিয়াদওয়ালা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, বাঘির অতীতের তিনটি ভাগের থেকে চতুর্থ ভাগ সম্পূর্ণ আলাদা। একেবারে নয়া অবতারে বিগ স্ক্রিনে বড় ধামাকা করতে আসছেন টাইগার শ্রফ।

বাঘি ফোরের মাধ্যমে বলিউড ছবির পরিচালক হিসেবে ডেব্যু করছেন এ. হার্শা। ২০২৫-এর ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাঘি ফ্রাঞ্চাইজির চতুর্থ ভাগ অর্থাৎ বাঘি ফোর।