ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়: আমিনুল হক 

আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমাদের এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আমরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, আসলে তাদের মূল উদ্দেশ্য— তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এর বিরুদ্ধে সবাইকে সর্তক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পল্লবীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ওপরে যত মামলা হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগ করেছিল। তার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। 

সাধারন জনগণ এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা যায় উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই- তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে পরেছে। কারণ বর্তমান সময়ে তারেক রহমান তিনি তার প্রতিটি বক্তব্যে বলছেন— বিএনপি জনগণের দল, জনগণের ওপরে নির্ভরশীল; বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে চায়, জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি ভবিষ্যৎতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায়।

পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানও মোকসেদুর রহমান আবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, তাতীদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর মহিলাদল সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কৃষকদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ঢাকা মহানগর উত্তর মহিলাদল নেত্রী লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন হাওলাদার, আব্দুর রহমান, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন, পল্লবী থানা যুবদলের আহবায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, রুপনগর থানা যুবদল সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন, পল্লবী থানা শ্রমিকদলের সভাপতি বশিরুল আলম, থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।