অনেক দিন ধরেই পর্দায় নেই চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নতুন কোনো চলচ্চিত্রেও দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি একটি চলচ্চিত্র মুক্তিকে কেন্দ্র করে আবার আলোচনায় এসেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়েও করতে যাচ্ছেন। এই অভিনেতার সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন মাহতাব হোসেন
সাত বছর আগের বানানো ছবি মুক্তি দেওয়া হচ্ছে, মানুষ কেন দেখবে?
আসলে এই ছবিটা সাত বছর আগে বানান হলোও এটি অতি সাম্প্রতিক ও ঝলমলে। আপনি যখন স্ক্রিনে দেখবেন, তখন মনে হবে না এটা সাত বছর আগের কেন, গতকালের। ছবির গল্প ও মেকিং একদম এ সময়ের। বলতে পারেন, আমরা সময়ের আগে সময়ের গল্প বলেছি। থ্রিলারধর্মী এই সিনেমার পুরোটা সময় দর্শকদের কাছে উপভোগ্য হবে।
ছবিটির ব্যবসা কেমন হবে বলে মনে করছেন?
এটা নিয়ে অবশ্য শঙ্কা আছে। কেননা সময়টা এখন অনুকূল নয়। মানুষ এখনো স্থির নয়, ফলে মানুষের বিনোদনের এই মাধ্যমে ব্যবসা নিয়ে সংশয় থাকছেই। তা ছাড়া উত্তরবঙ্গে এখন শীত। শুনলাম কাল থেকে প্রচণ্ড শীত পড়েছে। আগামীতে শীত আরও বাড়বে।
শীত বাড়লে উত্তরবঙ্গে তো মানুষ হলে যাবে না। তাই ছবিটির ব্যবসা নিয়ে খুব বেশি আশা করছি না।
যেহেতু সময় পাইনি, তাই এই ছবি নিয়ে খুব বেশি প্রচারও তো করতে পারলাম না।
সময় পাননি, তাহলে আপনার ব্যস্ততা এখন কী নিয়ে?
ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে সময় ব্যয় করছি। পারিবারিক ব্যবসা আছে, সেখানেও গিয়ে বসছি। মানে আমার যে শুটিংয়ের টাইম, সেই টাইমে পারিবারিক ব্যবসা একটু দেখাশোনা করছি। তবে শিগগিরই ক্যামেরার সামনে ফিরব।
কোনো চলচ্চিত্রে যুক্ত হলেন, নাকি ওটিটি?
না এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে যুক্ত হইনি। যেহেতু আমি নিজেই শুটিংয়ের বাইরে ছিলাম। নিজেকে সময় দিচ্ছিলাম, নিজের পরিবারকে সময় দিচ্ছিলাম। জানেনই তো আমার পরিবারে একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে, আমার মা মারা গেছেন। ফলে ওই জায়গাটা থেকে উঠে আসতে সময় লেগেছে। এখন স্বাভাবিক কাজে ফিরছি। সামনের বছর বিয়ে করব, এমনই ভাবনা চলছে।
পর্দায় কামব্যাক নাকি বিয়ে, কোনটা আগে?
পরিকল্পনা হচ্ছে চলচ্চিত্র দিয়েই পর্দায় ব্যাক করা। আমাকে নিয়ে অনেক সমালোচনা আছে। তবে আমি মনে করি, একটি ভালো সিনেমা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব। এমন চিন্তাধারা নিয়েই এগোচ্ছি। গল্প হাতে নিয়ে বিশ্লেষণ করছি, কোনো চরিত্রে আমি পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করতে পারব, এটা একটা বিষয়, কোন চরিত্রে দর্শক আমাকে দেখবেন, সেটাও মাথায় আছে। আবার এটা বিয়ের পরেও হতে পারে। বলা যায় না, বউ ভাগ্য বলতেও একটা ব্যাপার আছে।
বিয়ের কথা বললেন, শোনা গিয়েছিল আপনি বিয়ে করেছেন...
এটা একদমই গুজব। কিছুদিন আগে শোনা গিয়েছিল আমি নাকি চলচ্চিত্রে অভিনয় করব না, যা মোটেও সত্য নয়। এই যে বললেন বিয়ে করেছি, এটাও সত্য নয়। পারিবারিকভাবে মেয়ে দেখা চলছে, এখন পর্যন্ত ঠিক হয়নি। হলেই জানবেন।
আপনাকে নিয়ে গুজব কারা ছড়ায়?
জানি না, এদের বলব, এরা গুজব ডটকম। আসলে বুঝি না এরা কারা, এরা আসলে কী চায়। পেছন থেকে আমার পেছনে লেগে তো লাভ হবে না। আমি আশাবাদী মানুষ, আমাকে কেউ হতাশ করতে পারবে না।