‘বাঘি ফোর’ ছবিতে যোগ দিলেন পাঞ্জাবি তারকা সোনম বাজওয়া। তাকে ফোরে টাইগার শ্রফের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে। মঙ্গলবার টাইগার শ্রফ সোনম বাজওয়ার একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। টাইগার শ্রফ তাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিদ্রোহী পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাচ্ছি। বাঘি ইউনিভার্সে সোনম বাজওয়াকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
এ. হার্শা পরিচালিত ‘বাঘি ফোর’ ছবিটি প্রযোজনা করছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোনম বাজওয়াকে স্বাগত জানিয়েছে। ২০১৩ সালে পাঞ্জাবি ফিল্ম জগতে পা রাখেন সোনম। ‘বেস্ট অফ লাক’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু। তার পরের বছর দিলজিৎ দোশাঞ্জের সঙ্গে অভিনয় করেন সোনম। ‘পাঞ্জাব ১৯৮৪’ নামের একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। পাঞ্জাবি ছবির পাশাপাশি তামিল এবং তেলেগু ছবিতে অভিনয় করেছেন সোনম। অভিনয়ের পাশাপাশি একটি পাঞ্জাবি রিয়্যালিটি শো-এ সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে সোনমকে।