১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল উইন্ডিজ

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেল ৩৬.৫ ওভারেই। ক্যারিবীয়রা জিতেছে ৭৯ বল বাকি থাকতে ৭ উইকেটে।

এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

ব‍্যাটিংয়ের মতো বোলিংও ভালো হয়নি বাংলাদেশের। নাহিদ রানা ছাড়া আর কেউ তেমন একটা ভাবাতে পারেননি প্রতিপক্ষ ব‍্যাটসম‍্যানদের।

রান তাড়া করতে নেমে ব্রান্ডন কিং-এভিন লুইসের উদ্বোধনী জুটিতে জুটিতে ওঠে ১০৯ রান। এক রানের জন্য  ফিফটি মিস করা লুইস ফিরলে জুটি ভাঙে। 

আরেক ওপেনার কিং ফেরেন ব্যক্তিগত ৮২ রানে। দলের স্কোর তখন ১৭৫। কিং এর ৭৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছক্কা।

কেসি কার্টি করেন ৪৭ বলে ৪৫ রান। পরে রাদারফোর্ডের ১৫ বলে অপরাজিত ২৪ ও লুইসের ২১ রানে ভর করে সহজ জয় পায় উইন্ডিজ।

তার আগে টস হেরে বাংলাদেশ ২২৭ রানেন পুঁজি পায় মূলত অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের জুটিতে ভর করে। মাহমুদউল্লাহ ৬২ ও তানজিম সাকিব ক্যারিয়ারসেরা ৪৫ রান করেন। ওছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম করেন ৪৬ রান।

জেডন সিলস ২২ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর -

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭ (মাহমুদউল্লাহ ৬২, তানজিদ ৪৬, তানজিম ৪৫, আফিফ ২৬, শরিফুল ১৫; সিলস ৪/২২, মোতি ২/৩৬)।

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, রাদারফোর্ড ২৪*; আফিফ ১/১২, রানা ১/৩৮)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: জেডন সিলস। সিরিজ: ৩ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে।