অধস্তন আদালতের অর্ধশত বিচারক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শীর্ষক প্রতিবেদনটি যুক্ত করে এ রিট আবেদনটি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক। তাদের অনেকেই অবৈধ উপায়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। কেউ কেউ আবার হাজার কোটি টাকার মালিক। অনেকের আলিশান ফ্ল্যাট রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন বেশ কয়েকজন। শত শত বিঘা জমির মালিকানা অর্জন করেছেন কয়েকজন। দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিমুল এহসান জোবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার তো জিরো টলারেন্স দেখাচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। প্রধান বিচারপতিও ব্যবস্থা নিচ্ছেন। দুদকের কাছে যদি অভিযোগ থাকে দুদক তো অনুসন্ধান-তদন্ত করবে। আর তদন্ত ও প্রমাণ ছাড়া তো একজন বিচারককে দুর্নীতিবাজ বলা যায় না আদালতে এসব যুক্তি তুলে ধরেছিলাম। হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করেছে।’