লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক খায়রুল ইসলাম (২৮) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি মাস্টারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম অহির উদ্দিন।
স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারির দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারিদের ধাওয়া দেয়।
এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। মঙ্গলবার বিকেলে সীমান্ত আইন সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট খায়রুল ইসলামকে হস্তান্তর করে বিএসএফ।
এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা—২) এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।