এক অনুষ্ঠানে যাবার আমন্ত্রণ পান বলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী মোস্তাক খান। সেই আমন্ত্রণে মুম্বাইয়ের বাইরে যেতেই তাকে অপহরণ করা হয় বলে খবর। এরপর মুক্তিপণ হিসেবে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। এমন ঘটনায় চিন্তিত পুলিশ।
‘স্ত্রী ২’ অভিনেতার অপহরণের খবরটি সংবাদমাধ্যমকে জানান তার ব্যবসায়িক পার্টনার শিবম। তার অভিযোগ, একটি অনুষ্ঠানের কথা বলে মোস্তাক খানকে দিল্লিতে আমন্ত্রণ করা হয়। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর অভিনেতাকে একটি গাড়িতে বসতে বলা হয়। সেখান থেকে তাকে বিজনোরের কোনও এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে নির্যাতনের শিকার হন প্রবীণ অভিনেতা।
এরপর শিবম জানান, ভোরের দিকে তিনি আজানের শব্দ শুনতে পেয়েছিলেন। বুঝতে পারেন কাছেই মসজিদ রয়েছে। কোনোভাবে বেরিয়েই অপহরণকারীদের ডেরা থেকে বেরিয়ে দৌড়াতে থাকেন। স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যেই বাড়ি ফেরেন তিনি। পরে শিবম বিজনোরে গিয়ে সেখানকার থানায় এফআইআরও করেন।
এর আগে ঠিক এমনটাই হয়েছিল কমেডিয়ান সুনীল পালের সঙ্গে। প্রথমে সুনীল পাল, পরে মোস্তাক খানের অপহরণের অভিযোগ, পরপর এমন ঘটনায় চিন্তিত পুলিশ। এর নেপথ্যে কি কোনও বড় গ্যাং রয়েছে? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, আশির দশকে বলিউডে অভিনয় করছেন মোস্তাক খান। ‘স্ত্রী ২’ ছাড়াও ‘আশিকি’, ‘সড়ক’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার’, ‘ওয়েলকাম’, ‘গদর ২’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কৌতুকশিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কের পরিবেশ শিল্পীর বাড়িতে।