নাটোরের বাগাতিপাড়ায় একই বাজারের চার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পল্লী বিদ্যুতের চারটি মিটার চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের লোকমানপুর বাজারে এ ঘটনা ঘটেছে। মিটার চুরির পর চক্রটি মিটার তারের সাথে কাগজের চিরকুটে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর রেখে গেছে।
সরেজমিনে লোকমানপুর বাজারে গিয়ে জানা যায়, রাইস মিল মালিক মিজানুর রহমান ও আসলাম আলী দুই জনের দুইটি বৈদ্যুতিক মিটার, শাহাদত হোসেনের লেদ (ওয়ার্কসপ) থেকে একটি ও ফারহানা আখতারের স’মিল থেকে একটিসহ মোট ৪টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। একেকটি মিটার পুনরায় আবার নিতে অফিসের মাধ্যমে ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ হবে। বিদ্যুতিক মিটারগুলো চুরি হওয়ায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।
কাঠ কাটার স’মিলের মিস্ত্রী আসলাম আলী জানান, তার স’মিল ও স’মিল সংলগ্ন রাইচ মিলের দুইটি বৈদ্যুতিক মিটার রাতে চুরি করে নিয়ে গেছে এবং মিটার তারের সঙ্গে কাগজের চিরকুটে মোবাইল নম্বর রেখে গেছে। তবে ওই মোবাইল নম্বরে কল করলে মোবাইল বন্ধ দেখাচ্ছে। মিলটি তিনি বছরভিত্তিক চুক্তিতে লিজ নিয়েছেন। মিটার চুরির কারণে তার মিলের কার্যক্রম বন্ধ রয়েছে।
বাগাতিপাড়া নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব জোনাল অফিসের এজিএম মনজুরুল আলম জানান, গ্রাহকরা থানায় গিয়ে এফআইআর করে ওই কপি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে জমা দিলে পরের দিন মিটার সংযোগ দেওয়া হবে।
বাগাতিপাড়া মডেল থানার (ওসি তদন্ত) নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় গ্রাহকদের পক্ষ থেকে কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।