শান্তির বার্তা নতুন সরকারের

সিরিয়ায় শান্তিও স্থিতিশীলতার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আল-বশির। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে মোহাম্মদ আল বশির বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আল বশির। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সাক্ষাৎকার। ২০২৫ সালের পয়লা মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শামস পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আল বশির।

গত সোমবার অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করে বিদ্রোহীরা। সে লক্ষ্যে আসাদ সরকারের প্রধানমন্ত্রী জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করেন বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। আসাদ পরবর্তী যুগে সিরিয়ার শাসন নিয়ে আশঙ্কা দূর করারও চেষ্টা করেছেন আল জোলানি। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের কারণে সিরিয়ার মানুষ এখন ক্লান্ত। ফলে আমরা নতুন আরেকটি যুদ্ধে জড়াতে চাই না। এবার সিরিয়া উন্নয়ন ও পুনর্নির্মাণের পথে অগ্রসর হবে।

সিরিয়ার বিদ্রোহী জোটের নেতৃত্ব দেওয়া গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সরাসরি দেশটির নেতৃত্ব গ্রহণ করার বদলে অন্তর্ভুক্তি মূলক প্রক্রিয়ার মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম যোগাযোগের বিষয়টি অবহিত করে এ কথা জানায় বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা ও এক কংগ্রেস সদস্য।

এদিকে, বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রাশিয়ায় আসাদের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে রিয়াবকভ বলেন, তিনি সুরক্ষিত আছেন। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গত রবিবার ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। পালিয়ে যাওয়ার পর বাশার আল-আসাদের গন্তব্য নিয়ে দীর্ঘ সময় কোনো তথ্য পাওয়া যায়নি। পরে এক বিবৃতিতে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় রাশিয়া। এর মধ্য দিয়ে দেশটিতে চলা ১৩ বছরের গৃহযুদ্ধের অবসানের পাশাপাশি আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি সময়ের শাসনেরও অবসান হয়েছে। বুধবার রিয়াবকভ বলেন, আসাদকে আশ্রয় দিয়ে মস্কো আবারও বুঝিয়েছে যে মিত্রদের পরিস্থিতি অনুযায়ী রাশিয়া প্রয়োজনীয় ভূমিকা রাখে। তবে কোনো উপায়ে আসাদকে রাশিয়ায় আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য রিয়াবকভ সাক্ষাৎকারে জানাতে রাজি হননি। আসাদকে বিচারের জন্য সিরিয়ায় ফেরত পাঠানো হবে কী না জানতে চাইলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের এ সংক্রান্ত সনদের অংশীদার নয়।

বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছে জনতা। সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন।