বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা ছিল বুধবার। ১২টি এজেন্ডার দীর্ঘ সভায় কমিটি নিয়েছে এক বিতর্কিত সিদ্ধান্ত। ২৬ অক্টোবর যাদের ভোটে হয়েছে এই নির্বাহী কমিটি, সেই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর একটা বড় অংশই বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বাফুফের নবগঠিত ডিএফএ মনিটরিং কমিটি ৩৫টি ডিএফএ নিয়ে তদন্ত করে ২৯টিকেই বিলুপ্ত করার প্রস্তাব নির্বাহী কমিটিকে দেয়। নির্বাহী কমিটিও সেই প্রস্তাবকে অনুমোদন দেওয়ায় ভেঙে যায় ২৯টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি। সেই জেলাগুলোকে দ্রুত অ্যাডহক কমিটির নাম প্রস্তাব করতে বলা হবে বাফুফের পক্ষ থেকে। এই সভায় বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
২৯টির কার্যনির্বাহী কমিটি বিলুপ্তির বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আসলে আমাদের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর মাননীয় সভাপতি পরিষ্কার বলেছেন আটটি বিভাগে একই সময়ে খেলা আয়োজনের উদ্যোগ নেবেন। পর্যায়ক্রমে সারা বছর বয়সভিত্তিক আসরগুলো হবে জেলায় জেলায়। এছাড়া লিগের খেলাও হবে। এখন এসব নিয়ে বাফুফে থেকে যার সঙ্গেই যোগাযোগ করা হয়, কাউকেই পাওয়া যায় না। ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক ডিএফএতে চিঠি রিসিভ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থবির হয়ে পড়ায় মনিটরিং কমিটি ২৯টিকে বিলুপ্ত করার প্রস্তাব করে যা নির্বাহী সভায় অনুমোদন হয়।’
এদিকে রেফারিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কমিটি সম্মানী ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সভায়। বাবু বলেন, ‘বর্তমান কমিটির অধীনে যত খেলা হবে সেগুলো আমরা পরিশোধ করে দেব। তবে আগের টাকা আমরা এখনই দেব না। আলোচনার মাধ্যমে আমরা সে সব বকেয়া পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
সভায় আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আট দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এবং এতে থাকবে না কোনো রেলিগেশন। চাইলে ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত মেনে সিনিয়র ডিভিশন লিগের ক্লাবগুলো বিসিএলে খেলার আবেদন করতে পারবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে বাফুফে দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় তারুণ্য উৎসবে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সভায় জাতীয় পুরুষ ও নারী দলের দুই বিদেশি কোচ যথাক্রমে হাভিয়ের কাবরেরা ও পিটার জেমস বাটলারের মেয়াদ শেষ হওয়া এবং তাদের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হলেও হয়নি কোনো সিদ্ধান্ত। তাবিথ আউয়াল নেতৃত্বাধীন জাতীয় দল কমিটি এ ব্যাপারে আবারও সভা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির প্রধান।