জনসমক্ষে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং অন্য কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজ আগামী সাত দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন। একই সঙ্গে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার চেয়ারম্যান ও কমিশনার কাজে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন।

এর আগে দুর্নীতিবিরোধী ওয়াচ ডগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের সম্পদের হিসাব প্রকাশসহ ছয়টি তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশের আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়েই তারা সম্পদের হিসাব প্রকাশের ঘোষণা দিয়েছেন।

দুদক চেয়ারম্যান এবং কমিশনারের মতো হাইপ্রোফাইল ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করার বিষয়টি দেশে বিরল। সে ঘটনা ঘটিয়েই কাজ শুরু করছেন নতুন কমিশন। দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজ গতকাল যোগদান করলেও অন্য কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পরে যোগ দেবেন।

নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনার গতকাল দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা যে বাংলাদেশে আছি, তার জন্ম ৫ আগস্টের পর। ৫ আগস্টের পরের বাংলাদেশ আর আগের বাংলাদেশের প্রত্যাশা এক নয়। যে আন্দোলন থেকে নব বাংলাদেশের সৃষ্টি, তা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতি থেকে। আমরা যদি দুর্নীতিগ্রস্ত না হতাম, তাহলে বৈষম্য অনেক কম হতো। দুর্নীতি কমিয়ে আনতে পারলে বৈষম্য ক্রমাগত কমে আসবে। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবÑ এমন প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। তবে সাধ্যমতো কাজ করব সেই প্রতিশ্রুতি দিতে পারি। বড় দুর্নীতিবাজরা যেন শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা সে বিষয়টিই চেষ্টা করব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে আমাদের সম্পদের হিসাব জমা দেওয়া হবে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদ বিবরণীর তথ্য প্রকাশের আহ্বান জানায় টিআইবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের স্বচ্ছতা নিশ্চিতে আয় এবং সম্পদ বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে নিজের অবস্থান ও দলীয় আনুগত্যবিষয়ক তথ্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও নজিরবিহীন প্রাণহানি এবং ত্যাগের বিনিময়ে সৃষ্ট ‘নতুন বাংলাদেশ’-এর অভীষ্টের প্রতি অনড় ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারের আহ্বান জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জাতির ক্রান্তিলগ্নে জনপ্রত্যাশার কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুদকের শীর্ষ অবস্থানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের স্বার্থে ছয়টি তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশের আহ্বান জানান। নিজের এবং কাছের পরিবারের নামে-বেনামে অর্জিত আয় ও সম্পদের তথ্য, আয়ের বৈধ সূত্রের সঙ্গে অর্জিত আয় ও সম্পদের সামঞ্জস্যের তথ্য, নিরপেক্ষ নিরীক্ষক কর্র্তৃক আয় ও সম্পদ বিবরণীর যথার্থতা, পর্যাপ্ততা ও সামঞ্জস্য যাচাইয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ, পেশাগত জীবনে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রকাশিত বা অপ্রকাশিত তথ্যের বিষয়ে নিজের অবস্থান, প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় রাজনৈতিক আনুগত্যের তথ্যÑ উল্লিখিত বিষয়ে কোনো ধরনের অসামঞ্জস্যের ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জবাবদিহি করতে প্রস্তুত মর্মে ঘোষণা।