আনিসুল-ফারুকসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানসহ ৯ জনকে   রাজধানীর ছয় থানার আট মামলায়  গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

১৯ জুলাই মিরপুর-১৩-এর নিউ মডেল কলেজের সামনে রাব্বি মাতবর হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান; ২৩ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাসির হোসেন হত্যা মামলায় আনিসুল হক; ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণার সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান; ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পারভেজ মিয়া হত্যা মামলায় শমসের মবিন; রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকায় গুলি করে হত্যাচেষ্টার মামলায় শাহজাহান ওমর; ৫ আগস্ট  হাতিরঝিল এলাকায় আল আমিন হত্যা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিটু; নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির বাবুল সরচার চাখারী এবং ৫ আগস্ট  কাফরুল থানাধীন পুলিশ স্টাফ কলেজের বিপরীতে আবদুল হান্নান হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।