চট্টগ্রামে শুরু ছয় দিনের বিজয় মেলা

‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ এই সেøাগান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর কাজীর দেউড়ি সার্কিট হাউজ-সংলগ্ন শিশু পার্কের জায়গায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়া আমাদের প্রত্যয়। সে ক্ষেত্রে আমাদের কৃষ্টি, সংস্কৃতি সবকিছুকে তুলে ধরতে হবে।

জেলা প্রশাসক ও বিজয় মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ফরিদা খানমের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব আহমেদ নেওয়াজ স্বাগত বক্তব্য দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ছয় দিনব্যাপী এই বিজয় মেলায় থাকবে কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন। এ ছাড়া মেলায় দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য, বৃক্ষ, ফুলসহ বিভিন্ন জিনিসপত্র প্রদর্শনী ও বিক্রয় করা হবে। ১৬ ডিসেম্বর মেলা শেষ হবে।

১৯৮৯ সালের ১১ ডিসেম্বর চট্টগ্রামে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলার সূচনা হয়। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে।