গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  
নিহতদের মধ্যে দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তারের (২৩) নাম জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্য তিনজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল  অফিসার শেখ ফাহাদ বলেন, গতকাল রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি রাহেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’