তারেক রহমানের দেশে আসার বিষয়ে যা জানালেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে এ কথা জানান তিনি।

 এর আগে বেলা ১২ টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

তিনি জানান, লন্ডন অবস্থাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি।


এ সময় তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে ধৈর্য ধরতে বলেছেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলন এই বিজয়কে ফলোপ্রসু ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

বিমান বন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।

এর আগে ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান। স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান।