নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা চাওয়ায় গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা দোকানি হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে।
গত বুধবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। ভুক্তভোগীর চা দোকানির নাম আব্বাস আলী মন্ডল (৭৭)।
চা দোকানি জানান, গত বুধবার রাত ৮টার দিকে বন্ধু-বান্ধবসহ বিদ্যুৎ তার দোকানে এসে চা-বিস্কুট খায়। পরে পাওনা টাকাসহ চাওয়ায় সে তার উপর চড়াও হয়ে আবোলতাবোল বলতে থাকে। এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে এবং দোকানের চায়ের কাপগুলো সব ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সে এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কেটলির গরম পানি চা দোকানি আব্বাস আলীর হাতে ছুড়ে মারলে ঝলসে যায়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই দোকানদার তার নিকট থেকে বকেয়া কোন টাকা পেতো না।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছিল, বিদ্যুৎকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।