যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। বুধবার (১১ ডিসেম্বর) এফবিআইয়ের অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন, কয়েক সপ্তাহ বিবেচনার পর তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০২৭ সালে ট্রাম্পই তাকে ১০ বছরের জন্য এ পদে মনোনীত করেন। কিন্তু বাইডেনের কাছে হেরে যাওয়ার পর রের নেতৃত্বেই এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে। এতে ব্যাপক সমালোচনা মুখে পড়েছিলেন রে।
আর এ কারণেই ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রেকে বরখাস্তের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে দায়িত্ব নেওয়ার আগেই এফবিআই পরিচালক পদে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে মনোনীত করেছেন ট্রাম্প।
বুধবার এফবিআইয়ের সভায় রে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি— জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করে পদত্যাগ করব। ব্যুরো এবং নিজের জন্য আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা যেভাবে কাজ করি, সেখানে মূল্যবোধ এবং নীতিনৈতিকতার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তার বক্তব্যের পর তাকে দাঁড়িয়ে করতালি দেওয়া হয়। উপস্থিত অনেকে কান্নাকাটিও করেন।
২০১৬ সালে ট্রাম্পের প্রচারণা শিবির ও রাশিয়ার মধ্যে কথিত যোগাযোগের বিষয়ে এফবিআইয়ের তদন্তের পর ট্রাম্প তার পূর্বসূরি জেমস কোমিকে বরখাস্তের পর রেকে এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
তাকে নিয়োগ দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ইয়েল ল স্কুলের স্নাতক রে একজন ‘অসাধারণ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের গোপন নথি পরিচালনাকে কেন্দ্র করে দু’জনের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। রে’র পদত্যাগের খবরে ট্রাম্প বলেন, রে’র পদত্যাগ ‘আমেরিকার জন্য একটি মহান দিন’।