হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ডিএমপি কমিশনার।

অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের ওপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন বা হামলা করতে পারে না। পুলিশ সদস্যরা সব সময় ডিসিপ্লিনে থাকবে, হামলা মামলা বা কারো সঙ্গে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?

ডিএমপি কমিশনার ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন; আমি তদন্ত করব, ব্যবস্থা নেব। ডিএমপি কমিশনার হিসেবে  আমি গত জুলাই-আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। আরও উপস্থিত ছিলেন, ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।