আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে দর্শকের জমায়েত হওয়া নিয়ে অভিনেতা সিদ্ধার্থের মন্তব্যের কড়া জবাব দিলেন গায়ক মিকা সিং। সম্প্রতি এক পডকাস্টে সিদ্ধার্থ ছবিটির প্রচার ইভেন্টকে “মার্কেটিং গিমিক” বলে উল্লেখ করেন।
তার মন্তব্য অনুযায়ী, “ভারতে ভিড় জড়ো করা কোনো বড় বিষয় নয়। একটি নির্মাণ কাজে জেসিবি নিয়ে গেলেও ভিড় জমে যায়। তাই বিহারে ভিড় হওয়া বিশেষ কিছু নয়।”
সিদ্ধার্থের এই মন্তব্যের পর মিকা সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “হ্যালো সিদ্ধার্থ ভাই, আপনার এই মন্তব্যের একটি ভালো দিক হলো, আজ থেকে অন্তত কিছু লোক আপনার নাম জানতে পেরেছে। ভাবুন তো, আমি নিজেও জানতাম না আপনি কী করেন।”
মিকার এই কটাক্ষপূর্ণ মন্তব্যে স্পষ্ট যে তিনি সিদ্ধার্থের মন্তব্যকে নেহাতই গুরুত্বহীন হিসেবে দেখছেন। সিদ্ধার্থ আরও বলেন, “পুষ্পা ২-এর ইভেন্টে ভিড় জড়ো হওয়ার ঘটনা রাজনৈতিক সভার মতো, যেখানে বিনামূল্যে বিরিয়ানি এবং মদ বিতরণ করা হয়।” তার মতে, ভারতের মতো দেশে ভিড় এবং মানের মধ্যে কোনো সম্পর্ক নেই।
বি-টাউনের সবথেকে বেশি আয়কারী শিল্পীদের মধ্যে নাম রয়েছে মিকা সিং-এর। ‘সাওয়ান মে লাগ গয়ি আগ’, ‘সিং ইজ কিং’, ‘মজা-ই মজা’, ‘দিল মে বাজি গিটার’, ‘পার্টি তো বনতি হ্যায়’, ‘৪৪০ ভোল্ট’-এর মতো বলিউডের জনপ্রিয় চার্টবাস্টার গানগুলি মিকার গাওয়া।
এদিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৬ দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করেছে এবং ‘আরআরআর’, ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে।
মিকা সিং-এর মন্তব্য এবং সিদ্ধার্থের বিতর্কিত বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। ছবির সাফল্যের পাশাপাশি এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে।