বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর দেওয়া রুল নিস্পত্তি করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্যমতে, ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন বিডিপি। যাচাই-বাছাই শেষে ইসি ২০২৩ সালের ১০ এপ্রিল তাদের নিবন্ধনের আবেদন বাতিল করে।
ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছরের ২৫ মে পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। ১৩ জুন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধনের প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
ব্যারিস্টার এহসান এ সিদ্দিক গণমাধ্যমকে বলেন, রায় পাওয়ার একমাসের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।