দুদকের মামলা

গিয়াস উদ্দিন মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংশ্লিষ্ট বিষয়ে মামুনের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেন।

আইনজীবীদের তথ্যমতে, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব বিবরণী দাখিল না  করায় একই বছরের ৮ মে মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। শুনানি শেষে ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেয়।

পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মামুন। ২০১২ সালের ৩০ জুলাই হাইকোর্ট তাকে খালাসের রায় দেয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

২০১৫ সালের ১ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটিতে পুনঃশুনানির নির্দেশ দেয়। পরে আপিল বিভাগের এ আদেশ রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে গত ৭ নভেম্বর আবেদন করেন মামুন। আপিল বিভাগ রিভিউ মঞ্জুর করলে তিনি আপিল করেন। এর ধারাবাহিকতায় গতকাল আপিল মঞ্জুর করে এ রায় হলো।

আদালতে মামুনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী শাহ মো. সাব্বির হামজা চৌধুরী।

অ্যাডভোকেট সাব্বির হামজা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুদকের কোনো কমিশন ছিলনা। কিন্তু নোটিশটি তখন ইস্যু করা হয়। হাইকোর্টে আমরা এ নোটিশ ইস্যুর বিরুদ্ধে যুক্তি তুলে ধরার পর আদালত তাকে (মামুন) খালাস দেয়। পরবর্তীতে দুদক আপিল বিভাগে আবেদন করলে এটি পুনঃশুনানির জন্য পাঠানো হয়। আপিল বিভাগ আমাদের রিভিউ ও আপিল মঞ্জুর করেছেন।’