মিস ইউনিভার্স ২০২১ বিজয়ী হরনাজ সান্ধু অবশেষে বলিউডে পা রাখতে চলেছেন। বলিউড অভিনেত্রী লারা দত্তের পর হারনাজের হাত ধরে ২১ বছর পর ‘মিস ইউনিভার্স’র মুকুট এসেছে ভারতে। তিনি বলিউডের জনপ্রিয় তারকা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশনধর্মী সিনেমা ‘বাঘি ৪’-এ অভিনয় করবেন।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করা হয়েছে। এই সিনেমায় হরনাজ সান্ধুর পাশাপাশি সোনম বাজওয়া থাকবেন দ্বিতীয় নারী প্রধান চরিত্রে। এছাড়াও, সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতনামা অভিনেতা সঞ্জয় দত্ত।
প্রযোজনা প্রতিষ্ঠানের টুইটে বলা হয়, ‘মিস ইউনিভার্স থেকে বাঘি ইউনিভার্সে! আমাদের নতুন এনজিই ট্যালেন্ট, লেডি রেবেল #বাঘি ৪-এ, হরনাজ কৌর। সিনেমাটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর, ২০২৫।’
হারনাজ বিশ্ব সুন্দরীর খেতাব জেতার আগেই অভিনয়ে হাতেখড়ি করে ফেলেছেন। ইতিমধ্যে পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কালারস টিভির ধারাবাহিক ‘উড়িয়ান’এও অভিনয় করেছিলেন এক ক্যামিওর চরিত্রে প্রোটাগনিস্ট ইশা মালব্য ওরফে জাসমিনের বিপরীতে।
‘বাঘি ৪’ সিনেমাটি বর্তমানে শুটিং পর্যায়ে রয়েছে। গত ১৮ নভেম্বর টাইগার শ্রফ সিনেমাটির অফিসিয়াল ঘোষণা দিয়েছিলেন। ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় ২০১৬ সালে টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে। এরপর ২০১৮ সালে ‘বাঘি ২’ এবং ২০২০ সালে ‘বাঘি’-এর সাফল্যের পর এই সিরিজের চতুর্থ কিস্তি আসতে চলেছে। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর এর অপেক্ষায় বলিউডপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।