সিনেমা জগতের সুপারস্টার রজনীকান্ত আজ ১২ ডিসেম্বর ৭৪ বছরে পদার্পণ করলেন। এই বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত ও অনুরাগীদের পাশাপাশি অনেক তারকারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তাদের মধ্যে অন্যতম ছিলেন তার সাবেক জামাতা, অভিনেতা ধানুশ। এক্সে রজনীকান্তকে উদ্দেশ্য করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার থালাইভা।’
ধানুশ এবং রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২২ সালে। ২০০৪ সালে তাদের বিয়ে হয়েছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে চেন্নাই ফ্যামিলি ওয়েলফেয়ার কোর্ট তাদের বিবাহ বিচ্ছেদ অনুমোদন করে।
রজনীকান্তের দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি তামিল, তেলেগু, কন্নড়সহ একাধিক ভারতীয় ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অনন্য অভিনয় শৈলী ও সংলাপ প্রক্ষেপণ তাকে এনে দিয়েছে থালাইভার (নেতা) সম্মান।
জন্মদিনের আগের দিন, তার ভক্ত কার্তিক মাদুরাইতে আরুলমিগু শ্রী রজনী মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে রজনীকান্তের ১৯৮৯ সালের ছবি ‘মাপিল্লাই' এর চরিত্রের আদলে একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করেন। রজনীকান্তের এই অবিস্মরণীয় যাত্রা এবং তার প্রতি ভক্তদের ভালোবাসা প্রমাণ করে যে তিনি কেবল একজন অভিনেতা নন, বরং কোটি মানুষের হৃদয়ে স্থায়ী স্থান দখল করা এক জীবন্ত কিংবদন্তি।