রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. হাসানুজ্জামান চৌধুরী (৫২)। গত বুধবার মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হাসানুজ্জামান গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পারাবত আবাসিক হোটেলের ৯০৫ নম্বর রুমে উঠেন। রাতে হোটেলের রুম বয় রুমে গিয়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
মৃতের ভাগনে ওসমান গনি জানান, তার মামা একজন সাপ্লায়ার ও ফুড আইটেম ব্যবসায়ী ছিলেন। বুধবার ঢাকায় তার ব্যক্তিগত কাজে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাসানুজ্জামান চট্টগ্রাম আনোয়ারা থানার বৈরাগ গ্রামের মৃত আমিরুজ্জামান চৌধুরীর ছেলে।