চট্টগ্রামে এক নারী উদ্যোক্তার ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (মাসুদ) ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী নাজমে নওরোজ। তিনি নগরের লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক।
আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ।
মামলার অভিযোগে বাদী জানান, তিনি একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরের কাজীর দেউড়ি নারী শাখা থেকে প্রথমে ২ কোটি টাকা ঋণ দেন। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়। এরই মধ্যে সাইফুল আলমের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।