বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার সময় দেশ জুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী ১৮ ডিসেম্বর তদন্ত সংস্থার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সংশ্লিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আদালতে প্রসিকিউশন পক্ষে আবেদন করে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আদেশ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত আবেদন মঞ্জুর করেছে। আগামী ১৮ ডিসেম্বর এক দিনের জন্য তদন্ত সংস্থার কার্যালয়ে তাকে (পলক) জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করার প্রধান কারণ হলো এই আসামি মন্ত্রিসভার সদস্য ছিলেন। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন। তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘গণহত্যার সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গোটা দুনিয়া থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয়েছিল। গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে তিনি বিঘœ সৃষ্টি করেছিলেন। এত বড় ঘটনাকে বিশ্ব থেকে আড়াল করতে, ধামাচাপা দিতে চেয়েছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।’ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৮ নভেম্বর পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ ১৫ ডিসেম্বর : গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গতকাল আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।