বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বাপেক্স ভবনে বাপেক্স বোর্ড রুমে এই সভা হয়। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সাবেক সচিব ইসতিয়াক আহমদের সভাপতিত্বে সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে এ কোম্পানির মোট আয় ৮৯৫ দশমিক ১৩ কোটি টাকা এবং মোট ব্যয় ৪৯১ দশমিক ৩৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বাপেক্স আয়কর-পরবর্তী ২৭৩ কোটি টাকা মুনাফা করেছে। কোম্পানি বর্ণিত অর্থবছরে ৩৬৫ দশমিক ৫৬ কোটি টাকা সরকারি রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখেছে। শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যরা সভায় বাপেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির সার্বিক কর্মকা-ে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি