দিলীপ কুমার-সায়রা বানু বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ও জনপ্রিয় তারকা দম্পতি। সায়রার সঙ্গে দিলীপের বয়সের ফারাক প্রায় ২২ বছর। তাদের প্রেম একেবারে সিনেমার মতোই। কিন্তু ক্যারিয়ারে সফল এ দম্পত্তি নিঃসন্তান ছিলেন।
সায়রা বানু এক সাক্ষাৎকারে জানান, ১২ বছর বয়স থেকে পর্দায় দিলীপ কুমারের প্রেমে পাগল ছিলেন তিনি। যাই হোক, তাদের বিয়ের পর জল্পনা রটেছিল, দিলীপের সঙ্গে বিস্তর বয়সের ফারাকের কারণেই নাকি কোনওদিন মা হতে পারবেন না সায়রা। অনেকেই তখন বলেছিলেন, বয়সের এতটা ফারাক। এই বিয়ে টেকার নয়। দিলীপের দ্বিতীয় বিয়ের জন্যেও উদ্যোগ নিয়েছিলেন তার পরিবার কিন্তু শেষমেশ তা হয়নি। সায়রার নিঃস্বার্থ ভালবাসার কাছে নিজেকে আমৃত্যু সঁপে দিয়েছিলেন দিলীপ।
নিজের আত্মজীবনী দিলীপ কুমার: দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো তে তাদের সন্তান না হওয়ার কারণ জানান বলিউডের ট্র্যাজেডি কিং। বিয়ের পর যখন সায়রা সাত মাসের সন্তানসম্ভবা তখন এক গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হন । ফলে, গর্ভপাতের সম্মুখীন হতে হয়েছিল তাকে। চিকিৎসকেরা নানা পরীক্ষা করে জানান ভবিষ্যতে আর কোনওদিনও সন্তান ধারণ করতে পারবেন না সায়রা।
সিমি গাঢ়েওয়ালের ‘রঁদেভু’ অনুষ্ঠানে একবার হাজির হয়েছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু। সেখানে সায়রা জানান তাদের সন্তান না থাকার দুঃখ নেই। তারা পরস্পর পরস্পরের কাছে সন্তানের মতো। সেইভাবেই একে অপরের খেয়াল রাখেন।