প্রিন্স বললেন

ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে যারা নিগৃহীত হয়েছে তারা জাতীয় বীর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন তারা জাতীয় বীর।

আজ শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়ায় ছাত্র গণবিপ্লবে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ১৫ বছরের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদ পতনের আন্দোলন জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে নিহত, আহতদের বিষয়ে ব্যক্তিগত ও দলীয়ভাবে পদক্ষেপ নিয়েছেন। আন্দোলনে নিহত ও আহতদের বিএনপি পরিবারের সদস্য হিসেবে আমরা মনে করি। তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও সহযোগিতা করছেন, নিহতদের কবর জিয়ারত করছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই-আগস্টসহ ১৫ বছরে আন্দোলন, সংগ্রামে নিহতদের যথাযথ স্বীকৃতি, তাদের পরিবারসহ আহতদের পরিবারকে সহায়তা প্রদান ও প্রয়োজনীয়তা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিহতদের স্মৃতি ধরে রাখতে পদক্ষেপ গ্রহণ, প্রয়োজন অনুযায়ী আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান ও প্রতিবছর ৫ আগস্ট পালন করা হবে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ ,সোলায়মান সরকার, আবদুস শহিদ, মোমতাজ উদ্দিন, এ বি সিদ্দিক হোসেন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।