প্রতিবেশী দেশের সঙ্গে ‘দাদাগিরি’ করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্যাৎ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ শুক্রবার বিকেলে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণত্রন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সবাবেশে সূয়াপুর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মুরাদ বলেন, কূটনৈতিকভাবে ভারত এখন দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশের বিদেশি মিশন ও দুতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপালসহ সব রাষ্ট্রের ওপর খবরদারি করতে গিয়ে নিজেরাই এখন বিপদগ্রস্ত।
তিনি বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনও ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে।
ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে এবং দেওয়ান সাইদুর রহমান ও ফয়সাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন এম এ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ কলিম উদ্দিন, আলেম ভূঁইয়া, আব্দুল গনি, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।