ফরিদপুরের সদরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় বদলি করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার এক অফিস আদেশে তাকে তার স্বপদের স্থান থেকে অবমুক্ত করা হয়।
এর আগে গত ১১ডিসেম্বর বুধবার ওই পত্রে স্বাক্ষর করেন জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা। শুক্রবার রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সভায় ‘আওয়ামীলীগ ফিরে আসবে’- এমন মনগড়া মন্তব্য করার কারণে মৌখিক অভিযোগ পেয়ে আল মামুনকে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকখলেসুর রহমান।
একই দিন জেলার জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় ইউএনও’র বিরুদ্ধে ওই অভিযোগটি করেন সদরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল।
এই ঘটনা নিয়ে পরের দিন সকালে ইউএনও আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাকে স্বপদে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।
অভিযোগের ব্যাপারে ইউএনও আল মামুন জানান, গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলন। এসময় উপস্থিত সকলে জানে ‘আমি এ জাতীয় কোনো কথা বলিনি’।