আল্লু অর্জুন গ্রেপ্তারে বিস্মিত ভক্তরা

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের ভারতের শীর্ষ সুপারস্টারের গ্রেপ্তারে অবাক হয়েছেন ভক্তরা। তারা মানতেই পারছেন না প্রিয় অভিনেতার এই কারাবন্দি অবস্থা।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ, পুষ্পা ২: দ্য রুল। বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটি। তার আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক মহিলা। আর তখন সেই হলে আচমকাই এসে হাজির হন আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী। অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার নামে। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা। শুক্রবার, ১৩ ডিসেম্বর দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল হায়দরাবাদ পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি সিনেমা হলের সামনে যে হুড়োহুড়ি এবং পদপিষ্টের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে সেই কেসের জন্যই গ্রেপ্তার হন। এরপর তাকে ওইদিনই আদালতে তোলা হয়। আদালত তাকে ১৪ দিনের জেল প্রদান করে। তবে কালই তিনি  জামিনও পেয়ে যান। দিনভর এই ঘটনা নিয়ে ছিল টানটান উত্তেজনা।