যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন আরও ৮৫ বাংলাদেশি। সকাল ৭টা ২১ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এ সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেয় আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।
এদিকে আগামী ১৭ ডিসেম্বর দেশটি থেকে আরও ৯৬ বাংলাদেশি দেশে ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননের বৈরুত দূতাবাস। দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট/আকামা/ট্রাভেল ডকুমেন্টসহ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ৯৬ জনের ১৬তম গ্রুপ বৈরুত হতে দুবাই হয়ে ঢাকার পৌঁছাবে।
এদিন সকাল ৭টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ৯৬ বাংলাদেশি দেশে ফিরবেন।
এদিকে এখন পর্যন্ত ১৬টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরেছেন ১ হাজার ৪৮ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফিরছেন।