ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বাইরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখান দিয়ে বাইরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে শাহবাগ, নীলক্ষেত, বাংলামোটর ও মৎস্য ভবন এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঢাবি কর্র্তৃপক্ষ জানিয়েছে, ছুটির দিন শুক্র ও শনিবার ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এই দুদিন জরুরি পরিবহন, রোগী বহনকারী যান, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি বা বিশ্ববিদ্যালয়ের যানবাহন ছাড়া কেউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এদিকে নগরবাসীর অনেকেই বলেছেন, ঢাবি কর্র্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা আগে থেকে তারা জানতেন না। গতকাল শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় গাড়ি নিয়ে অনেকে ঘুরতে গিয়ে ঢুকতে পারেননি।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাাবি ক্যাম্পাসের পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে ব্যারিয়ার (প্রতিবন্ধক) বসানো। এসব রাস্তা দিয়ে একেবারেই সীমিত যানবাহন চলাচল করছে। ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। টিএসসি, ভিসি চত্বর, শহীদ মিনার ও দোয়েল চত্বর এলাকায় রিকশা চলাচলও ছিল সীমিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ করা। ক্যাম্পাসের রাস্তা ব্যবহার করলে দ্রুত সময়ে মানুষ তার গন্তব্যে যেতে পারে দেখে অনেকেই এই রাস্তা ব্যবহার করেন। এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, শহীদ মিনার এলাকায় অনেক সময় দীর্ঘ যানজট লেগে থাকে। অনেক গাড়ির আনাগোনা থাকায় মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা বিঘ্নিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা এই কাজ করছি।
প্রাথমিকভাবে অনেকের কষ্ট হবে, এজন্য আমরা দুঃখিত।’ তবে জরুরি কাজে আসা কাউকে যাচাই-বাছাই শেষে ক্যাম্পাসের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। কোনো কারণ ছাড়াই যারা আসবেন তাদের প্রবেশ নিষেধ বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তব রূপ পাওয়ায় একে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকেই ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তকে সময়ের ‘সেরা উদ্যোগ’ বলে আখ্যায়িত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় তিনি বলেন, ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, গণপরিবহন ও ভারী যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করাসহ অনাকাক্সিক্ষত ঘটনা রোধে এসব ব্যারিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।