খুলনায় বদিউল আলম

গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কমিশন হয়েছে

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায়, সে উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দায়িত্ব অনুযায়ী সব অংশীজনের মতামত গ্রহণ করে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেব। গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে, সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। তিনি বলেন, বিদ্যমান ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে। জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা কমে গেছে। তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে। ভোটার তালিকা সংশোধন, জনগণের অভিযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন, নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ ও মতামত জানা একান্তভাবে দরকার। নির্বাচনী অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসংগতি থাকলে সেগুলোর পরিবর্তন করা আবশ্যক।