বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলা টাউন হলরুমে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য দূর করে দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমাদের প্রত্যাশা। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ ও লুটপাটের অস্তিত্ব থাকবে না।
উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা দলে দলে মিছিল মিছিলে যোগ দেন।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আসির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মো. কাজী হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইসমাঈল হোসেন মনির, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ, জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য মাওলানা অলিউল্লা কবির, ভোলা সদর পৌরসভা আমির মো. জামাল উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. মাসুদুর রহমান, কামিয়াব প্রকাশনীর এমডি মো. হেলাল উদ্দিন সহ প্রমুখ।