আইসিইউতে ‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতার একমাত্র ছেলে সি এফ জামান।

তিনি বলেন, ‘‌আব্বু গুরুতর অসুস্থ হয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি। দোয়া রাখবেন।’

জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। তখন তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে এদিন বিকেল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন। 

প্রাথমিকভাবে ধারণা যে, তিনি স্ট্রোক করেছেন। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পাওয়া গেলে তার প্রকৃত অবস্থা সম্পর্কে বলা যাবে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।