‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না হেলাল হাফিজ

নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি থেকে তৈরি গান শুনলেও মিউজিক ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ। তার বিশেষ অনুরোধে কবিতাটি গানে রূপান্তর ও গাওয়ার জন্য অনুমতি পান যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী কৌশলী ইমা। তরুণ প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় বেশ সাড়া ফেলেছেন।

কবি হেলাল হাফিজ রচিত  ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি ২০১৫ সালে গানে রূপান্তর করেন প্রবাসী সাংবাদিক ছাবেদ সাথী। কৌশলী ইমার কণ্ঠে গাওয়া গানটি নিউ ইয়র্কের একটি স্টুডিওতে রেকর্ডিং হয়। রেকর্ডিং শেষে কবি হেলাল হাফিজের কাছে গানটি পাঠানো হলে তিনি প্রশংসা করেন। কিন্তু এ গানটির মিউজিক ভিডিও দেখে যেতে পারেননি।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের উত্তাল অগ্নিঝরা মার্চ ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সংযুক্ত করে গানটির ভিডিও সম্পাদনা শেষ হয়েছে কয়েকবছর আগে।

কবি হেলাল হাফিজের এ কবিতাটি গানে রূপান্তরের জন্য প্রস্তাবনা, পরিকল্পনা এবং কবি কর্তৃক অনুমোদন সংগ্রহ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও বীর মুক্তিযোদ্ধা ফারুক ওয়াহিদ। গানটির সঙ্গীতায়োজন করেন নিউ ইয়র্কের বিশিষ্ট সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ। সুর করেন কবি, লেখক ও সাংবাদিক ছাবেদ সাথী। কবিতা আবৃত্তিতে কণ্ঠ দেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট নাট্যাভিনেত্রী লুৎফুন নাহার লতা ও আবৃত্তিকার মিথুন আহমেদ।

শিল্পী কৌশলী ইমা জানান, কবি হেলাল হাফিজের কবিতাটি গাওয়া জীবনের একটি স্মরণীয় ঘটনা। কবিতাটির ঐতিহাসিক গুরুত্ব, তারুণ্যের প্রতিবাদী উচ্চকণ্ঠ ও মুক্তিযুদ্ধের চেতনার আবেগ সবকিছু চিন্তা করেই গাওয়া হয়েছে।  ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতা থেকে এ গান বাংলা সঙ্গীত পিপাসুদের মনের খোরাক মেটাবে বলে আশা করছেন কৌশলী ইমা।  

গানটি শুনতে ক্লিক করুন