আ. লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধূলিসাৎ করেছে: প্রিন্স

আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা, চেতনাকে ধূলিসাৎ করেছিল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার পরিবর্তে তারা তাদের প্রভু দেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে।

আজ শনিবার সকালে হালুয়াঘাট পেশাজীবী পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী সরকারের বিভাজন, দমন নিপীড়ন ও একদলীয় শাসনের কারণে জাতীয় ঐক্য নষ্ট হয়েছিল। সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাশিত রাষ্ট্র গঠন করা যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে নতুন করে কাজ শুরু কারলেও দেশি-বিদেশি চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে বার বার বাধাগ্রস্ত করা হয়।

প্রিন্স বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আবার সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এবার সেই সম্ভাবনাকে কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে।

হালুয়াঘাট পেশাজীবী পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলেচনাসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘট পেশাজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মাসুদ করিম, সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।