ছুটির দিনে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি প্রবেশ করতে পারবে না। ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে প্রবেশ সীমিত থাকবে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, রোগীবাহী গাড়ি, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি কিংবা বিশ্ববিদ্যালয়ে কোনো অফিসিয়াল কাজে এলে অবশ্যই ক্যাম্পাসে ঢোকা যাবে। শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য সাতটি প্রবেশদ্বারে স্থাপিত ব্যারিয়ার (নিরাপত্তা চৌকি) এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়। স্থানগুলো হলো শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত। এসব স্থানে বহিরাগত গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বস্তির কারণ হলেও নগরবাসীর জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে। আশপাশের এলাকায় জ্যাম দেখা গেছে।