সুপ্রিম কোর্ট

অনুসন্ধানের পর কয়েকজন বিচারপতির তথ্য রাষ্ট্রপতির কাছে

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করে থাকে। নানা অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বর্তমানে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বেঞ্চ না দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। এরপরই ১২ বিচারপতিকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।

এই বিচারপতিগণ হলেন, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

এছাড়া পাঁচ বছরের বেশি সময় আগে অসদাচরণের অভিযোগ ওঠা তিন বিচারক গত ১৯ নভেম্বর পদত্যাগ করেন। তারা হলেন- সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক এবং এ কে এম জহিরুল হক।